ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিনেমা হলে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে।
রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর পৌঁছতে পেরেছি।”
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমায় উঠে এসেছে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার মানবিক আকুতি। সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে।
এটি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড দ্বারা প্রযোজিত এবং চরকি দ্বারা সহপ্রযোজিত। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।
বর্তমানে সিনেমাটি দেশে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এবার বিদেশের মাটিতেও প্রবাসী দর্শকদের মাতাতে প্রস্তুত নিশো-চঞ্চল অভিনীত এই চলচ্চিত্র। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে ‘দম’ প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

