রাশিয়ার একটি তেল পাইপলাইনে অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রোববার (৫ এপ্রিল) রুশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দরের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই এলাকায় ১৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের একটি অংশে আঘাত হানে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশটি নিরাপত্তার জন্য নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। গত মার্চ মাসেও প্রিমোরস্ক এলাকায় হামলার ঘটনা ঘটে, তখন একটি তেল ডিপোতে আগুন লেগেছিল।
বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বাড়াতে পারে এবং সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে।

