আবুধাবি টি-টেন লিগে সূচনাটা খুব একটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। স্যাম্প আর্মির কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরছে তারা। বাংলা টাইগার্সের ১০৬ রানের জবাবে ৯ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা।
তবে দল হারলেও অধিনায়ক সাকিব আল হাসানের পারফরম্যান্সে মুগ্ধ দলটির কোচ ইউনিস খান। বল হাতে উজ্জ্বল ছিলেন দলের বাংলাদেশের এই সুপারস্টার। ২ ওভার বোলিং করে ১৫ রান খরচায় সাকিবের শিকার ২ উইকেট।
সাকিবের নেতৃত্ব নিয়ে ম্যাচ শেষে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। বলেন দলে সাকিব থাকায় তার কাজটাও অনেক সহজ হয়ে গিয়েছে।
ইউনিস বলেন, ‘যেভাবে সে (সাকিব) অধিনায়কত্ব করল, যেভাবে বল করল, যেভাবে ফিল্ডিং করেছে দারুণ ছিল সবকিছু। বেশ ভালো এফোর্ট দিয়েছে। আমার কাজ অনেক সহজ কারণ এখানে সাকিব আছে। আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে না এখানে। যেভাবে খেলছে আমি আশা করব সে খেলাটা উপভোগ করবে। ম্যাচ জেতা শুরু করলে আরও উপভোগ করবে বলে আশা করছি।’
ইউনিস ম্যাচ হারের কারণ হিসেবে জানায়, ‘ফলাফল আমাদের পক্ষে আসেনি। তবে ম্যাচটা ভালো ছিল। প্রথম ম্যাচে মাঝেমধ্যে আপনি কিছুটা নার্ভাস হয়ে যাবেন। শেষ দিকে আমরা কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। খারাপ ম্যাচ ছিল না, ফলটা আমাদের পক্ষে আসেনি।’ এছাড়াও ‘মাঝে জুটি হয়েছে একটা। আপনার যদি ৬০-৭০ রানের জুটি হয় তাহলে অন্তত ১২০-৩০ রান তো করতেই চাইবেন আপনি। এটার মূল্যই দিতে হয়েছে এবং ম্যাচ হেরেছি আমরা।’
দলের কম্বিনেশন সম্পর্কে কোচ বলেন, ‘আমরা আরও কম্বিনেশন চেষ্টা করে দেখব। প্রথম ম্যাচ ছিল আজকে। নার্ভাসনেস কাজ করেছে। কেবল প্লেয়ারদের নয় আমাদেরও। ইনশাল্লাহ সামনে আরও ভালো কম্বিনেশন তৈরি করতে পারব আমরা। যার ফলে ম্যাচও জেতা যাবে।’

