আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ চলমান আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপুটের সাথে জয় পেয়েছে। রেকর্ড ২৫২ রানের পুঁজির পর ম্যাচ জিতেছে ১৫৪ রানের বড় ব্যবধানে। এমন দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর সেই লক্ষ্যে মাঠে নামার আগে স্কোয়াডে শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ।
৩৮ রান করতে মুর্শিদা নেন ৬১ বল আর ক্যারিয়ারের ১১তম ফিফটি করা ফারজানার ব্যাট থেকে আসে ১১০ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ফেরার ম্যাচ রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। বাংলাদেশ পায় ২৫২ রানের রেকর্ড সংগ্রহ।
সিরিজের শেষ দুই ম্যাচের আগে টপ অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার। ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সোমবার শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই।

