ভারতের বিপক্ষে পার্থ টেস্টে ২৯৫ রানের অনেক ব্যবধানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ১-০তে পিছিয়ে।
তারকা পেসার জস হ্যাজেলউড অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন। তাছাড়া সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়ে গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়- মূলত: হ্যাজেলউড ‘লো গ্রেড লেফট সাইড’ চোটের কারণে আসন্ন এই টেস্টে খেলতে পারছেন না। যদিও কীভাবে তিনি চোট পেয়েছেন তা নিশ্চিত জানায়নি তারা।
হ্যাজেলউড ম্যাচ না খেলাও দলের সাথেই থাকবেন। সেখানেই নিজের পুনর্বাসন চালিয়ে যাবেন এ তারকা পেসার। এর ফলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর পেস ত্রয়ী হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে দেখা যাচ্ছে না।
অস্ট্রেলিয়া দলে হ্যাজেলউডের বদলি হিসেবে দুজন পেসারের ডাক পড়েছে। দলের সাথে যুক্ত হচ্ছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনই অপেক্ষায় আছেন অভিষেকের। এবারও তাদের কারো অভিষেকের সম্ভাবনা খুব একটা নেই বললে চলে।

