ফুটবল মানেই অফুরন্ত আবেগ। যে আবেগ পুরো বিশ্বকে এক-সুতোয় গাথার কথা। বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়ানোর কথা। কিন্তু সেই খেলাকে কেন্দ্র করেই মর্মান্তিক এক ঘটনার সৃষ্টি হলো।
স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে দেখা যায়, গতকাল রোববার- আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে লাশ আর লাশে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওফুটেজে দেখা যায়, ম্যাচের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে। মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ম্যাচ। দুম্বুয়া ২০২১ সালের সেপ্টেম্বরের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন ও নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন। সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশে এ ধরনের টুর্নামেন্টগুলো খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। কারণ দুম্বুয়া আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা করার বিষয়টি বিবেচনা করছেন ও রাজনৈতিক জোট গঠিত হচ্ছে।

