মাত্র দুই মাস পরই মাঠে গড়তে চলছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। কিন্তু টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে এরইমধ্যে।
সেই ধারাবাহিকতায় পাকিস্তান ও আফগানিস্তানের পর এবার চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে। আজ বাংলাদেশে আসবে এই ট্রফিটি। যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করবে। প্রদর্শনীতে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে।
বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল, রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সমুদ্রসৈকত কক্সবাজারে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।
ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরের দিন ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

