১৫ বারের শিরোপাজয়ী রিয়াল ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে। পরাজিত আতালান্তা পাঁচ থেকে ৯ নম্বরে নেমে গেল।
গতকাল (মঙ্গলবার) রাতে, আতালান্তার মাঠ গিউইস স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন ও ইতালিয়ান দুই ক্লাব। যদিও বল দখল ও গোলের লক্ষ্যে শটে এগিয়ে ছিল স্বাগতিক আতালান্তা। কিন্তু রিয়ালেরও যে জয়ে ফেরাটা বড্ড প্রয়োজন ছিল। তাই প্রতিপক্ষের তুলনায় আক্রমণে বেশ পিছিয়ে থাকলেও তারা জয় নিশ্চিত করেছে ৩-২ গোলে।
আগের চার ম্যাচের তিনটিতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রীতিমতো বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। সেই শঙ্কা কিছুটা কমেছে কালকের জয়ে। একইসঙ্গে পয়েন্ট টেবিলের ২৪ থেকে তারা ১৮ নম্বরে উঠে এসেছে। যদিও এদিন ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে আতালান্তা শট নেয় ২০টি। এর মধ্যে তাদের ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে রিয়াল ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। তবে তাদের জন্য স্বস্তির এমবাপে, ভিনি ও বেলিংহ্যামের একসঙ্গে জ্বলে ওঠাটাও ছিল জরুরি।
রাতের এ ম্যাচে শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল ছিল আক্রমণাত্মক। ম্যাচে একাধিকবার লিড নিয়েও আতালান্তাকে ঠিক দমিয়ে রাখতে পারছিল না রিয়াল।
এমবাপে শুরুর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর দশম মিনিটে দলের পক্ষে লিড এনে দেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এ নিয়ে তিনি রিয়ালের টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন। একইসঙ্গে ইউসিএলে তার গোলেরও ফিফটি পূর্ণ হয়ে গেল।

