চ্যালেঞ্জিং পুঁজি যেন অনেকটা তুড়ি মেরে উড়িয়ে দিলেন তানবীর হায়দার ও আকবর আলি। বিশেষ করে রংপুরের অধিনায়ক আকবর ছিলেন বিধ্বংসী। যৌথভাবে আসরের দ্রুততম ফিফটিও করলেন তিনি।
১৯০ রানের লক্ষ্যে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন তানবীর। ২৫ করে রিজওয়ান ফেরার পর আব্দুল্লাহ মামুনও দ্রুত আউট হন। এরপর আকবর নেমে শুরু করেন ঝড়। ২৩৪.৪৮ স্ট্রাইকরেটে ব্যাট করে ম্যাচ দ্রুত শেষ করে দেন আকবর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের টি-টোয়েন্টিতে রংপুর বিভাগের জয়, ৭ উইকেটে হারায় রাজশাহীকে। রাজশাহী ব্যাট করে ১৮৯ রানের টার্গেট দেয় রংপুরকে। রান তাড়ায় ২ ওভার আগেই খেলা শেষ করে রংপুর। তানবীর হায়দার ৪৫ বলে ৭১ করে ফিরলেও আকবর ১৯ বলে ফিফটি করেন এবং ২৯ বলে ৮ চার, হাফ ডজন ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। এবারের আসরের দ্রুততম ফিফটি তার। এর আগে সিলেটের তৌফিক খান তুষারও ১৯ বলে ফিফটি করেছিলেন।

