বাংলাদেশও থাকছে বোর্ডার গাভাস্কার ট্রফিতে! বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ আম্পায়ার হিসেবে থাকবেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ২ টেস্টেই।
আগামীকাল থেকে শুরু মেলবোর্ন টেস্টে টিভি আম্পায়ার ও ৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।
গত অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজে ২ ম্যাচে ফিল্ড আম্পায়ার ও ১ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এটি ছিল বিদেশের মাটিতে তাঁর ১ম নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালনের সিরিজ।
বাংলাদেশের এ আম্পায়ার সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ডারবান টেস্টে তাঁর আম্পায়ারিং বেশ প্রশংসিতও হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত তিনি সব মিলিয়ে আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা। আম্পায়ার হিসেবে ব্যস্ত সময় পার করছেন শরফুদ্দৌলা।
২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হওয়া শরফুদ্দৌলা বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে এসেছেন।

