শ্রীলংকার থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে হার এড়াতে পারলো না ঢাকা ক্যাপিটাল।
খুলনা টাইগার্সের ১৭৪ রানের লক্ষ্যে নেমে ৪১ রানেই শেষ ঢাকা ক্যাপিটালসের ৬ উইকেট। এমন ম্যাচে হারবে ঢাকা ভেবেই গ্যালারি ছাড়েন দর্শকরা। ভরা গ্যালারি অনেকটাই ফাঁকা হওয়ার পর দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। তারপরও খুলনার কাছে ২০ রানে হেরেছে অভিনেতা শাকিব খানের দল। এ নিয়ে ঢাকায় বিপিএলের প্রথম পর্বের তিন ম্যাচেই হারল মুস্তাফিজ-লিটনদের নিয়ে দল গড়া ঢাকা।
শুক্রবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু ও শেষে ভালো ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। ওপেনার নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো ৪৯ রানের জুটি দেন। সেখান থেকে ৮৭ রানে ৫ উইকেট হয়ে যায় তারা।
শেষ দিকে মুকিদুল মুগ্ধ ও জিয়াউর ৪৩ রানের জুটি গড়েন। অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি চার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন।
জবাবে ১৭ রানে পরপর লিটন দাস (২) ও স্কিনাজি (০) আউট হন। দলের ২৫ রানে ব্যক্তিগত ১৯ রান করে আউট হন অন্য ওপেনার তানজিদ তামিম। পরেই শাহাদাত হোসেন দিপু (৩), রাঞ্জানে (৬) ও আলাউদ্দিন বাবু (০) আউট হলে ৪১ রানে ৬ উইকেট হারায় ঢাকা।
দলকে লড়াইয়ে ফেরাতে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শ্রীলংকান থিসারা পেরেরা। অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটে সেখান থেকে দেড়শ’ ছাড়ায় ঢাকা। লঙ্কান অলরাউন্ডার থিসারা ৬০ বলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চার ও সাতটি ছক্কার শট আসে।
ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট। খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। আবু হায়দার ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২ উইকেট নেন। শেখ ২ ওভারে খরুচে ছিলেন তিনি।
এর পূর্বে টানা দুই পরাজয়ের পর আজ টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো খুলনা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স।

