বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভেঙে গেল ভারতের। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারার ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার আশা শেষ হলো কোহলি-বুমরাহ-পন্তদের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছেন।
৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় ৩-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে।
সিডনি টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর। চতুর্থ দিনের সকালে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিং শুরু করা ভারত প্রথম ঘণ্টাতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে। তারা মাত্র ৭.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে আরও ১৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা। মাত্র ২ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেন ২৬ রান। ইনিংসের ৩.৫ ওভারে ৩৯ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে ২২ রান করা কনস্টাস আউট হন।

অস্ট্রেলিয়া ৬.২ ওভারে ৫০ রান পেরিয়ে যায়, তবে এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায়। প্রসিদ্ধ কৃষ্ণা একে একে তুলে নেন মার্নাশ লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথের (৪) উইকেট। তবে পথ হারায়নি অস্ট্রেলিয়া। উসমান খাজা (৪৫ বলে ৪১) ও ট্রাভিস হেডের দায়িত্বশীল ব্যাটিং দলকে এগিয়ে নিয়ে যায়। ১০৪ রানের মাথায় খাজা আউট হলেও হেড এবং বাউ ওয়েবস্টারের অপরাজিত জুটিতে ম্যাচ সহজেই জিতে নেয় স্বাগতিকরা। তারা ৫৩ বলে ৫৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত হেড ৩৮ বলে ৩৪ এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
পুরো সিরিজে সবচেয়ে বেশি উইকেট যাঁর, সেই বুমরা হয়েছেন সিরিজসেরা। তবে দিনশেষে বড় প্রাপ্তিটা অস্ট্রেলিয়ারই। ২০১৪-১৫ মৌসুমের পর এবারই প্রথম বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়, যে জয় কামিন্সদের টানা দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে দিয়েছে।
জুনে লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনাল খেলা ভারতের এবারের পথচলা এখানেই শেষ। শেষ টানা চার আসর ধরে রাখা বোর্ডার-গাভাস্কার ট্রফির মালিকানাও।
সংক্ষিপ্ত স্কোর-বোর্ড:
ভারত: ১৮৫ ও ১৫৭ (পন্ত ৬১, জয়সোয়াল ২২; বোল্যান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)।
অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)।
ফলাফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: স্কট বোল্যান্ড। সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩–১ ব্যবধানে জয়ী। ম্যান অব দ্য সিরিজ: যশপ্রীত বুমরা।

