চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। ২০২৩ সালে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেও এক বছরের মাথায় দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটে সফলভাবে কাজ করায় গত বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত হন হান্নান। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন কমিটিতে তার নিয়োগ ছিল দুই বছরের জন্য। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন।
শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন হান্নান। বিসিবি সূত্রে জানা গেছে, এক মাসের নোটিস দিয়ে তিনি দায়িত্ব ছাড়ছেন।
অর্থনৈতিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে হান্নান বলেন, ‘নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে টেকসই নয়। বেতন কম, পাশাপাশি এটি চুক্তিভিত্তিক কাজ। দীর্ঘমেয়াদে চাকরির নিশ্চয়তা না থাকায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সে কারণে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই।’
প্রসঙ্গত, বিসিবির নির্বাচক হিসেবে হান্নানের বেতন ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। তবে শুরু থেকেই বেতনের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। কোচিংয়ে আরও ভালো আর্থিক সম্ভাবনা থাকায় সেই দিকেই এগোচ্ছেন তিনি।
দেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে কোচদের জন্য বড় অর্থ উপার্জনের সুযোগ থাকে। এসব লিগে কাজ করার পাশাপাশি বিসিবির সাথেও যুক্ত থাকার সুযোগ রয়েছে। হান্নান মনে করেন, কোচ হিসেবে ভালো কাজ করলে জাতীয় দলে কাজের সুযোগ পাওয়া সম্ভব। জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পথ অনুসরণ করেই কোচিং ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন তিনি।

