বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য বিষয় নিয়ে অতীতের সমালোচনার পরিপ্রেক্ষিতে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব নেবে তারা।
বিসিবির নতুন এই উদ্যোগের আওতায় তিনটি মূল দিককে গুরুত্ব দেওয়া হবে-
প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ ব্যবস্থাপনা বিসিবির অধীনে থাকবে। খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফি নিশ্চিত করতে স্বচ্ছ ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বোর্ড।
দ্বিতীয়ত, খেলোয়াড়দের লজিস্টিক সহায়তা প্রদান। টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়টি বিসিবি তত্ত্বাবধান করবে।
তৃতীয়ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল আরো উন্নত করা হবে। খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ ও পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়াকে আরো সুসংহত করতে বিসিবি নতুন আর্থিক কাঠামো প্রতিষ্ঠা করবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবির এই উদ্যোগ বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দেশি ও বিদেশি ক্রিকেটারদের জন্য আরো পেশাদার অভিজ্ঞতা তৈরি করবে। আমরা টুর্নামেন্টের আর্থিক ও প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী করতে ফ্র্যাঞ্চাইজিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় চালিয়ে যাব।’
বিসিবির এই সিদ্ধান্তের ফলে বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ আরো সহজ ও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

