উত্তর হন্ডুরাসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও, তার প্রভাব পড়েনি লিওনেল মেসির ফুটবল নৈপুণ্যে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ৭.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একে সাম্প্রতিক চার বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা করা হলেও, পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে নামে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ইন্টার মায়ামির এক কর্মকর্তা। সাংবাদিক ফ্রাঙ্কো পানিজোর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘স্টেডিয়ামের আশপাশে কোনো কম্পন অনুভূত হয়নি।’
তবে মাঠে প্রতিপক্ষ হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া বেশ ভালোভাবেই অনুভব করেছে মেসি-সুয়ারেজের দাপট। ৫-০ গোলের ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। মেসি ও সুয়ারেজ দুজনই একটি করে গোল করেন। পাশাপাশি মেসি আরও দুটি গোলে সহায়তা করেন।
ম্যাচের ২৭তম মিনিটে সুয়ারেজের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ফেদেরিকো রেদোনদো এবং যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে আরও দুটি গোল করান তিনি। ৫৮ মিনিটে সুয়ারেজ নিজেও একটি গোল করেন। ম্যাচের শেষ গোলটি করেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।
এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের প্রস্তুতি পর্ব শেষ করল ইন্টার মায়ামি। ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচের আগে আরও দুটি ম্যাচ খেলবে দলটি। ১৪ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ১৮ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

