চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর যেন রেকর্ড গড়ার মঞ্চে পরিণত হয়েছে। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচেই দেখা মিলেছে সেঞ্চুরির ঝড়। মোট সাতটি সেঞ্চুরি তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।
উদ্বোধনী ম্যাচেই শুরু হয়েছিল এই রেকর্ডের যাত্রা। করাচিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের উইল ইয়াং প্রথম সেঞ্চুরির দেখা পান। একই ম্যাচে কিউই অধিনায়ক টম ল্যাথামও যোগ দেন সেঞ্চুরিয়ানদের তালিকায়। এরপর একের পর এক ম্যাচে ব্যাটাররা তুলে নিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
চার ম্যাচে দুইটি করে সেঞ্চুরি এসেছে নিউজিল্যান্ড-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও হয়েছে একটি সেঞ্চুরি। ফলে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচেই কেউ না কেউ পেয়েছেন শতরানের স্বাদ, যা আইসিসির আয়োজিত কোনো ওয়ানডে টুর্নামেন্টে আগে কখনো ঘটেনি।
এর আগে বিশ্বকাপের ইতিহাসে প্রথম চার ম্যাচে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি হয়েছিল ২০০৩ ও ২০১৯ আসরে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে ২০১৭ সালে প্রথম চার ম্যাচে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি দেখা গিয়েছিল। তবে এবারের আসর সেই রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে অনেকটাই।
এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে চলেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আগের সর্বোচ্চ ছিল ১০টি, যা হয়েছিল ২০০২ ও ২০১৭ আসরে। সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছেন ১৬৫ রানের দুর্দান্ত ইনিংস। তবে রান তাড়ায় তার সেই ইনিংসকে ম্লান করে দেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস। ৭৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি।
এই সেঞ্চুরির মাধ্যমে ইংলিস ছুঁয়ে ফেলেছেন চ্যাম্পিয়নস ট্রফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০০২ সালে কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষেই ৭৭ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের বীরেন্দর শেবাগ। এবার সেই কীর্তিতেই নাম লেখালেন ইংলিস।
ব্যাটসম্যানদের এমন রেকর্ডবৃষ্টিতে জমে উঠেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। এখন দেখার অপেক্ষা, সামনে আরো কত নতুন ইতিহাস লিখতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সাত সেঞ্চুরি-
| রান | ব্যাটসম্যান | দল | বিপক্ষ | ভেন্যু |
|---|---|---|---|---|
| ১০৭ | উইল ইয়াং | নিউজিল্যান্ড | পাকিস্তান | করাচি |
| ১১৮* | টম ল্যাথাম | নিউজিল্যান্ড | পাকিস্তান | করাচি |
| ১০০ | তাওহিদ হৃদয় | বাংলাদেশ | ভারত | দুবাই |
| ১০১* | শুবমান গিল | ভারত | বাংলাদেশ | দুবাই |
| ১০৩ | রায়ান রিকেলটন | দ. আফ্রিকা | আফগানিস্তান | করাচি |
| ১৬৫ | বেন ডাকেট | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | লাহোর |
| ১২০* | জশ ইংলিস | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | লাহোর |

