সৌদি প্রো লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে যানজটে আটকে গিয়ে নির্ধারিত সময়ের পরে মাঠে পৌঁছায় আল নাসর দল। কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার সাত মিনিট পর মাঠে প্রবেশ করে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। যদিও ম্যাচ বাতিল হয়নি, তবে প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়ে শুরু হয় খেলা।
মঙ্গলবার অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলের জয় পায় আল নাসর। ম্যাচে সাদিও মানের পেনাল্টি গোলের আগে রোনালদোও লক্ষ্যভেদ করেন।
যানজটে দীর্ঘসময় আটকে থাকার কারণে নির্ধারিত সময়ের নয় মিনিট পর মাঠে পৌঁছায় আল নাসরের খেলোয়াড়রা। দলটির বাস প্রায় তিন ঘণ্টা যানজটে আটকে ছিল, ফলে ম্যাচে অংশ নিতে তাদের ভোগান্তির শিকার হতে হয়।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো বলেন, ‘খেলাটি বেশ কঠিন ছিল, বিশেষ করে প্রথমার্ধে আমাদের জন্য পরিস্থিতি আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ আমরা প্রায় তিন ঘণ্টা বাসে কাটিয়েছি যানজটে। রাস্তা বন্ধ থাকায় এটি একটি কঠিন পরিস্থিতি ছিল। আমরা ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ক্ষমাপ্রার্থী। এমনটি হওয়া উচিত নয়। দুঃখিত।’
এ জয় দিয়ে আল নাসর লিগে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে তারা ৮ পয়েন্টে পিছিয়ে, আর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে পিছিয়ে রয়েছে ৪ পয়েন্টে। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ক্রিস্তিয়ানো রোনালদো- ১৭ গোল নিয়ে বর্তমানে লিগের শীর্ষ গোলদাতা তিনি।

