আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ মার্চ– আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স ও এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ আশরাফুল, যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ ও জুবায়ের হোসেন লিখন।
প্রাথমিকভাবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব। তার সঙ্গে থাকছেন দিলশান মুনাবীরা, কেদার যাদব, সৌরভ তিওয়ারি, হামিদ হাসান, সেকুগে প্রসন্ন ও শিহান জয়সুরিয়া-সহ একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।
টুর্নামেন্ট সূচি-
১০ মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স। এছাড়া ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়ান স্টার্স স্কোয়াড: সাকিব আল হাসান, দিলশান মুনাবীরা, সৌরভ তিওয়ারি, লাহিরু থিরিমান্নে, মেহেরান খান, কেদার যাদব, শিহান জয়সুরিয়া, আয়ান খান, মাহবুব আলম, শাহবাজ নাদীম, সেকুগে প্রসন্ন, পারভিন্দর আওয়ানা, হাসতি গুল, হামিদ হাসান ও অভিমন্যু মিঠুন।

