অফগানিস্তানের জন্য ম্যাচটি ছিল এক অস্বাভাবিক সমীকরণ। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড যদি ২০৭ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারত, তবে সেমিফাইনালে উঠার সুযোগ পেত আফগানরা। কিন্তু গতকাল করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায়। এতে রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা মাত্র ১২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে।
এদিকে, ইংল্যান্ডের হারে বাংলাদেশের জন্য কিছুটা লাভ হয়েছে। এ কারণে বাংলাদেশ এখন আসরের ৬ নম্বর দল হয়ে গেছে। তারা পাচ্ছে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা প্রাইজমানি।
আইসিসির নির্ধারিত প্রাইজমানি অনুযায়ী, প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় দেড় কোটি টাকা) পায়। সেমিফাইনালে না উঠলে ৭ম ও ৮ম স্থান অধিকারী দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা)। তবে ইংল্যান্ডের হারের পর বাংলাদেশ ৬ষ্ঠ স্থান অর্জন করে এবং ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) প্রাইজমানি পাচ্ছে। এর সাথে অংশগ্রহণের প্রাইজমানি যোগ করলে মোট আয় দাঁড়ায় প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। যা ৭ম বা ৮ম স্থান অর্জনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি।
এবার সেমিফাইনালে ওঠা চারটি দল হলো ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান, ষষ্ঠ স্থানে বাংলাদেশ, সপ্তম স্থানে পাকিস্তান এবং অষ্টম স্থানে ইংল্যান্ড। তবে সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে তা এখনও নিশ্চিত হয়নি। আজ দুবাইয়ে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে ‘এ’ গ্রুপের সেরা এবং রানার্সআপ দল নির্ধারণ হবে। আপাতত যা জানা গেছে, তা হলো মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলবে ভারত। আর বুধবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড।
গতকাল করাচি থেকে ম্যাচ শেষ করে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল। সোমবার তাদের কোনো একটি দল লাহোরে ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। করাচিতে ইংল্যান্ডের ব্যাটিং ছিল অত্যন্ত বাজে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জো রুট, তিনি ৩৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জেনসেন ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের ডুসেন ৭২ রানে এবং ক্লাসেন ৬৪ রানে অপরাজিত থাকেন।

