আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন ওমরজাই।
ওমরজাইয়ের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২৯৬, যেখানে নবীর সংগ্রহ ২৯২। তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা- যার রেটিং পয়েন্ট ২৯০।
অলরাউন্ডারদের তালিকায় ভারতের অক্ষর প্যাটেলও উল্লেখযোগ্য উন্নতি করেছেন। ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৫ উইকেট শিকার করে তিনি ১৭ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে অবস্থান করছেন।
শুধু অলরাউন্ডারদের তালিকায় নয়, ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ওমরজাইয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৬ রান করার সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে, ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথ ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ১৬ নম্বরে থেকে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের শুবমান গিল।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার মহীশ তিকশানা। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ রয়েছেন দ্বিতীয় স্থানে। ৩ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, যিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি।
এদিকে, চোট কাটিয়ে ফেরা ভারতের মোহাম্মদ শামি ৪ উইকেট শিকার করে ৩ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন।

