চ্যাম্পিয়নস ট্রফির শীর্ষ উইকেট শিকারি নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কাঁধে চোট পাওয়া এই ডানহাতি পেসারের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিউই কোচ গ্যারি স্টিড।
গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া হেনরি চলতি চ্যাম্পিয়নস ট্রফিতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ বোলার তিনি। তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান। যদিও পরে মাঠে ফিরে দুই ওভার বোলিং ও ডাইভ দিয়ে ফিল্ডিং করেন।
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার শুরুতে ফাইনালে হেনরিকে পাওয়ার বিষয়ে আশাবাদী থাকলেও কোচ স্টিডের মন্তব্য কিছুটা হতাশাজনক। সংবাদমাধ্যমকে স্টিড বলেন, আমাদের জন্য ইতিবাচক দিক হলো, সে মাঠে ফিরে বল করেছে। তবে তার বর্তমান অবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। স্ক্যান করা হয়েছে, তাকে যথাসম্ভব খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করবো, তবে এখনই কিছু বলা যাচ্ছে না।
চলতি আসরে হেনরি ১৬.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন, যার মধ্যে ভারতের বিপক্ষে গ্রুপপর্বে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পারফরম্যান্স রয়েছে। ফাইনালও হবে সেই একই দুবাই স্টেডিয়ামে, যেখানে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত বোলিং নিউজিল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তাই কিউই শিবির শেষ মুহূর্ত পর্যন্ত তার সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় থাকবে।
তবে হেনরি যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন, তাহলে তার জায়গায় আরেক ডানহাতি পেসার জ্যাকব ডাফির খেলার সম্ভাবনা রয়েছে। এখনো এই টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ না পেলেও, চ্যাম্পিয়নস ট্রফির আগের ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন ডাফি। এখন সবকিছু নির্ভর করছে হেনরির ফিটনেস পরীক্ষার ফলাফলের ওপর।

