প্রায় ছয় বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ফলে এখন থেকে স্বাভাবিক কিস্তিতে ফিফার আর্থিক অনুদান পাবে দেশের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
২০১৮ সালে অনিয়ম ও আর্থিক স্বচ্ছতার অভাবের কারণে ফিফার আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আসে বাফুফে। বিশেষ করে, নির্দিষ্ট খাতের বাইরে ফিফার অনুদানের অর্থ ব্যয়ের অভিযোগে কঠোর নজরদারির মুখে পড়ে সংস্থাটি। ফলে সাধারণত দুই বা তিনটি কিস্তিতে বার্ষিক বরাদ্দ পাওয়া গেলেও- গত ছয় বছর ধরে সেই অর্থ ১২টি কিস্তিতে দেওয়া হচ্ছিল।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই ফিফার সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা। তিনি বলেন, ফিফা আমাদের অগ্রগতির কথা জানিয়েছে। এটি আমাদের জন্য বড় সাফল্য, যা অতীতে সম্ভব হয়নি।
গত বছরের অক্টোবরে বাফুফের সভাপতির দায়িত্ব নেন তাবিথ আউয়াল। এরপর তিনি ফিফা সভাপতি ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতির সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। পাশাপাশি ফিফা ও এএফসি সদর দপ্তর পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশে ফিফার নিরীক্ষা দলের সফর এগিয়ে আনেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন থেকে বাফুফে আগের নিয়ম অনুযায়ী দুই বা তিনটি কিস্তিতে অনুদান পাবে। পাশাপাশি বিশেষ প্রকল্পের জন্য ফিফার কাছে আবেদন করার সুযোগও থাকবে।
এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, এখন আমরা ফিফার অর্থ সহায়তা আরও সহজে পেতে পারব এবং নিজেদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব।
ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

