দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্ব ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ লড়াইকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
ভারতের সামনে সুযোগ রয়েছে তৃতীয়বারের মতো ট্রফি জয়ের। এর আগে ২০০২ ও ২০১৩ সালে শিরোপা ছুঁয়েছিল তারা। অন্যদিকে কিউইদের লক্ষ্য ২৫ বছর আগের একমাত্র শিরোপা পুনরুদ্ধার। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হেরেছিল ভারত, তাই এবার সেই আক্ষেপও ঘোচাতে চায় তারা।
টুর্নামেন্টের এবারের আসরে ভারতই একমাত্র দল, যারা কোনো ভ্রমণ ছাড়াই এক ভেন্যু—দুবাইতেই খেলেছে সব ম্যাচ। রাজনৈতিক কারণে আয়োজক পাকিস্তানে না খেলায় ভারতের জন্য বিশেষভাবে এই হাইব্রিড মডেল বাস্তবায়ন করে আইসিসি। অন্যদিকে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পাকিস্তানের একাধিক ভেন্যু ঘুরে অবশেষে ফাইনালের জন্য দুবাইয়ে ফিরতে হয়েছে।
এবারের আসরে ভারত ছিল এক কথায় অপ্রতিরোধ্য। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা জয়ে ফাইনালে পৌঁছেছে তারা। অন্যদিকে নিউজিল্যান্ডও গ্রুপপর্বে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। এখন পর্যন্ত ১১৯ ম্যাচে ৬১টি জিতেছে তারা, বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫০টি। একটি ম্যাচ টাই এবং সাতটি পরিত্যক্ত।
ফাইনালে দুই দলের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ভারতীয় শিবিরে রয়েছে বিরাট কোহলির চোটের শঙ্কা, তবে গুরুতর না হওয়ায় তাকে খেলানো হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিও হালকা চোটে পড়লেও একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
- ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
- নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।
সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান এবং কন্ডিশনের কারণে ভারতকে অনেকেই ফেবারিট মানছেন। তবে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা, দলীয় সংহতি এবং চাপ সামলানোর দক্ষতাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়—চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শেষ হাসি হাসে কে?

