টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশেষ এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১১ মার্চ থেকে, আর সেটি হবে গোলাপি বল দিয়ে দিবারাত্রির ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সাদা পোশাকে হলেও ফ্লাডলাইটের আলোয় হবে এই টেস্ট। এমসিজিতে এটি হবে ছেলেদের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ। এর আগে এখানে নারী অ্যাশেজে দিবারাত্রির একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল।
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতেই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের যাত্রা। সেই প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল এই দুই দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৫০ বছর পর একই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে তারা, আর তাই এই ম্যাচকে ঘিরে ক্রিকেট বিশ্বে উন্মাদনা তুঙ্গে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেন, এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। ফ্লাডলাইটের নিচে ম্যাচ আয়োজন হবে আমাদের গৌরবময় ঐতিহ্য এবং আধুনিক টেস্ট ক্রিকেটের এক অনন্য উদযাপন। এছাড়া এটি স্টেডিয়ামে দর্শকদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে আমরা আশা করছি।
তিনি আরো বলেন, ১৯৭৭ সালের সেন্টেনারি টেস্ট যেমন ঐতিহাসিক মুহূর্ত উপহার দিয়েছিল, তেমনি এই ম্যাচও ক্রিকেটপ্রেমীদের জন্য আজীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা হবে। ডেভিড হুকসের টনি গ্রেগকে টানা পাঁচ চার, রিক ম্যাকস্করের ভাঙা চোয়াল নিয়ে ব্যাটিং কিংবা ড্যারেক র্যান্ডালের অবিস্মরণীয় সেঞ্চুরির মতো মুহূর্ত আবার ফিরে আসতে পারে এই ম্যাচে।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সেন্টেনারি টেস্টেও একই প্রতিপক্ষ ছিল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কাকতালীয়ভাবে, সেই ম্যাচটিও ৪৫ রানে জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া- যেমনটি হয়েছিল ১৮৭৭ সালের প্রথম টেস্টেও।
২০২৭ সালের এই দিবারাত্রির টেস্ট তাই কেবল একটি ম্যাচ নয় বরং ইতিহাসের পুনরাবৃত্তি ও ভবিষ্যতের দিকে এক ঐতিহাসিক পা বাড়ানো।

