আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের বিতর্কিত পেনাল্টি বাতিলের ঘটনা ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নিয়ম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে।
বুধবারের ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে যায়। তবে বিতর্ক তৈরি হয় আলভারেজের নেওয়া একটি পেনাল্টি নিয়ে। ভিএআর সিদ্ধান্ত দেয় যে আলভারেজ শট নেওয়ার সময় বলকে দুইবার স্পর্শ করেছিলেন—একবার দাঁড়ানো পায়ের সংস্পর্শে, এরপর মূল শট নেওয়ার সময়।
উয়েফার এক বিবৃতিতে বলা হয়, “যদিও সংস্পর্শটি খুবই সামান্য ছিল, তবুও আলভারেজ তার দাঁড়ানো পা দিয়ে বল স্পর্শ করেছিলেন, এরপর শট নিয়েছিলেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ভিএআরকে রেফারিকে জানাতে হয়েছে যে গোলটি বাতিল করা উচিত।”
এ ঘটনার পর উয়েফা জানিয়েছে, তারা ফুটবলের নীতিনির্ধারক সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসবে।
“দুইবার স্পর্শের নিয়মটি পুনর্মূল্যায়ন করা উচিত কি না, বিশেষ করে যখন এটি স্পষ্টত অনিচ্ছাকৃত—এ বিষয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে উয়েফা।”
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, তিনি বিশ্বাস করতে চান যে রেফারিরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমি কখনো দেখিনি যে পেনাল্টির জন্য ভিএআর ডাকা হয়েছে, তবে তারা নিশ্চয়ই দেখেছে যে সে বল স্পর্শ করেছে। আমি বিশ্বাস করতে চাই যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিমিওনে প্রশ্ন ছুড়ে দেন, “যদি কেউ স্পষ্টভাবে দেখে থাকেন যে আলভারেজ বলকে দুইবার স্পর্শ করেছেন, তাহলে তারা যেন হাত তোলেন।”
তার কথার পর উপস্থিত কেউ হাত তোলেননি, যা বিষয়টি আরও বিতর্কিত করে তুলেছে।

