তিন ম্যাচ পর ফিরেই জাদুকরী এক গোল করলেন লিওনেল মেসি। তাঁর সেই গোলেই উজ্জ্বল হয়ে উঠেছে ইন্টার মায়ামি। শুক্রবার ভোরে জ্যামাইকায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্যাভালিয়ার্স এসসিকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মার্কিন ক্লাবটি।
শারীরিক অবসাদের কারণে মেসিকে সাম্প্রতিক তিন ম্যাচ বিশ্রামে রেখেছিলেন কোচ হাভিয়ের মাশচেরানো। তবে ফিরেই ম্যাচের রং বদলে দেন আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচের ৩৭তম মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টি গোলে এগিয়ে যায় মায়ামি। তখনও বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে মাঠে নেমেই আলো ছড়ান তিনি।
যোগ করা সময়ের একেবারে শেষ প্রান্তে সান্তিয়াগো মোরালেসের বাঁ দিক থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একঝাঁক ডিফেন্ডারের মাঝখান দিয়ে চমৎকারভাবে গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান মেসি।
ম্যাচ শেষে কোচ মাশচেরানো বলেন, “আমরা চাইছিলাম মেসিকে খেলাতে। সময়ের দিক থেকে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। জ্যামাইকার দর্শকরাও তাকে দেখার সুযোগ পেয়েছে। এটা সবার জন্যই বিশেষ এক রাত ছিল।”
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। সেমিফাইনালে উঠতে এবারই প্রথমবারের মতো লড়বে মেসি-সুয়ারেজদের দল।

