বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী অবশেষে পা রেখেছেন স্বপ্নের দেশে। জাতীয় দলে খেলার লক্ষ্যে সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই তারকা।
বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ঢল নামে হাজারো সমর্থকের। কেউ হাতে ব্যানার, কেউবা জাতীয় পতাকা উড়িয়ে প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নেয়। সকাল থেকেই সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সেখানে ছিলেন। আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।
হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান।
বাংলাদেশ দলে হামজার অন্তর্ভুক্তি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেন। পুরো দেশ এখন অপেক্ষায়—কবে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন এই তারকা মিডফিল্ডার!
এই আগমন কি বদলে দেবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? সময়ই দেবে তার উত্তর!

