বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে অনন্য এক ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্রিকেটার এক ইনিংসে করলেন অপরাজিত ৪০৪ রান- যা দেশের ক্রিকেটে নজিরবিহীন।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ৫০ ওভারের এই ম্যাচে অসাধারণ এই কীর্তি গড়েন তিনি। ইনিংসটি খেলতে মুস্তাকিম খরচ করেছেন ১৭০ বল, হাঁকিয়েছেন ৫০টি চার ও ২২টি ছক্কা। তার সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়া সতীর্থ সোয়াদ পারভেজ ১২৪ বলে ২৫৬ রানে অপরাজিত ছিলেন।
দুজনের ব্যাটে ভর করেই ক্যামব্রিয়ান স্কুল তুলে ফেলে মাত্র ২ উইকেটে ৭৭০ রানের পাহাড়সম সংগ্রহ, যা দেশের স্কুল ক্রিকেট তো বটেই- সম্ভবত বিশ্ব ক্রিকেটেও বিরলতম।
ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৩২ রানে গুটিয়ে যায় সেন্ট গ্রেগরি স্কুল। ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ক্যামব্রিয়ান। বল হাতে দ্যুতি ছড়ান হাসান হৃদয় (৬ উইকেট) ও সোয়াদ (৪ উইকেট)।
ইতিহাস গড়া ইনিংসের পর প্রতিক্রিয়ায় মুস্তাকিম বলেন, “নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। ব্যাটে-বলে টাইমিং ঠিকঠাক হচ্ছিল দেখে বড় ইনিংস খেলার আশাও জেগেছিল। সোয়াদ আমার স্ট্রাইক রোটেট করতে অনেক সাহায্য করেছে। আমরা ছোটবেলার বন্ধু, একসঙ্গে খেলে বড় হয়েছি। এই ইনিংস দুজনের সম্মিলিত প্রয়াস।”
৩২টি চার ও ১৩টি ছক্কায় সাজানো সোয়াদের ২৫৬ রানের ইনিংসও ছিল চমকপ্রদ। দলের দুই ওপেনারের ব্যাটে যেমন রেকর্ড হয়েছে, তেমনি প্রতিপক্ষের সামনে তা রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
বাংলাদেশের স্কুল ক্রিকেটে এক ম্যাচে এমন দাপটপূর্ণ পারফরম্যান্স খুব কমই দেখা গেছে। মুস্তাকিম ও সোয়াদ এই ম্যাচের মাধ্যমে নিজেদের নাম তুলেছেন ইতিহাসের পাতায়- অনন্য উচ্চতায়।

