বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। ১০ দলের এই প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও রয়েছে নানা নাটকীয়তা, প্রত্যাশা আর চমক। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, বিশেষত: ২৭ কোটি রুপির বিনিময়ে কেনা ঋষভ পন্তকে ঘিরে।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে এই মৌসুমে নাম লিখিয়েছেন উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্ত। ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি পন্তের নেতৃত্বগুণও এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। নতুন অধিনায়ক হিসেবে তাঁকে ঘিরেই গড়া হয়েছে দলের রণকৌশল।
দলের ব্যাটিং লাইনআপ বেশ ভারসাম্যপূর্ণ। ওপেনিংয়ে দেখা যেতে পারে মিচেল মার্শ ও এইডেন মার্করামকে। ভারতের তরুণ আয়ুশ বাদোনিও ওপেন করতে পারেন। এরপর মিডল অর্ডারে আছেন পন্ত, নিকোলাস পুরান, ডেভিড মিলার ও আবদুল সামাদের মতো বিধ্বংসী ব্যাটাররা। শক্তিশালী ব্যাটিং ইউনিট যে কোনো বোলিং আক্রমণকে ধসিয়ে দিতে পারে।
তবে চ্যালেঞ্জ আছে বোলিং আক্রমণে। দলে নেই কোনো অভিজ্ঞ বিদেশি পেসার। কেবল শামার জোসেফ আছেন, যিনি এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০টির বেশি ম্যাচ খেলেননি। এছাড়া ভারতের মায়াঙ্ক যাদব ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতেই অনুপস্থিত থাকবেন, যা বড় ধাক্কা। মূল ভরসা হবে রবি বিষ্ণয়, আবেশ খান, আকাশ দীপ ও মহসিন খানের ওপর-যাদের সেরা পারফরম্যান্সই লক্ষ্ণৌর সাফল্যের চাবিকাঠি হতে পারে।
লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের মতো পরীক্ষিত ওপেনারদের অনুপস্থিতি দলের আরেকটি দুর্বল দিক হিসেবে বিবেচিত হচ্ছে। ওপেনিংয়ে যারা সুযোগ পাচ্ছেন, তাদের ধারাবাহিকতা এখনো প্রমাণ হয়নি আইপিএলের মঞ্চে।
দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তার কৌশলগত অভিজ্ঞতা ও আগ্রাসী কোচিং স্টাইল লক্ষ্ণৌর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্কোয়াড ও গঠন:
- স্কোয়াড: মোট ২৪ জন খেলোয়াড়, যার মধ্যে ১৮ জন ভারতীয় এবং ৬ জন বিদেশি।
- রিটেইনড খেলোয়াড়: নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণয়, আয়ুশ বাদোনি, মহসিন খান।
- নতুন দলে যুক্ত: ঋষভ পন্ত, আবেশ খান, ডেভিড মিলার, মিচেল মার্শ, মার্করামসহ আরো অনেকে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অবশ্যই শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে দলীয় ভারসাম্য, বোলিং শক্তি ও অভিজ্ঞতা বিবেচনায় প্লে-অফে ওঠাই হতে পারে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পন্তের নেতৃত্বে দলটি কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই নির্ধারণ করবে এবারের আইপিএলে লক্ষ্ণৌর ভাগ্য।

