টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যেই পাকিস্তানের বিপক্ষে পূর্বঘোষিত ওয়ানডে সিরিজের ফরম্যাটে পরিবর্তন এনেছে দুই দেশের বোর্ড। নির্ধারিত ৮টি ওয়ানডে বাতিল করে আয়োজন করা হবে সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।
জানা গেছে, মে মাসে পাকিস্তানে হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর জুলাইয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান খেলত তিনটি ওয়ানডে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দুই দেশের বোর্ডের সম্মতিতেই এই রদবদল এসেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে ভারতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেহেতু দুই টুর্নামেন্টই সংক্ষিপ্ত ফরম্যাটে, তাই প্রস্তুতির খাতিরে ওয়ানডে বাদ দিয়ে পুরোপুরি টি-টোয়েন্টিতে মনোযোগ দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান- দুই দলই।
বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। সদ্য দায়িত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন অধিনায়কের বিষয়ে বোর্ড এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গুঞ্জন রয়েছে, লিটন দাসকেই দেখা যেতে পারে নেতৃত্বে।
তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এত তাড়াহুড়োর প্রয়োজন নেই। কারণ মে মাসের আগে বাংলাদেশের আর কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। ফলে সময় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যেতে পারবে বোর্ড।
এদিকে ওয়ানডে ফরম্যাটে আগামী জুনে রয়েছে শ্রীলঙ্কা সিরিজ। তার আগে এপ্রিলে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ২০ এপ্রিল শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

