এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ফুটবল দলে দুঃসংবাদ। ভারতের বিপক্ষে শিলংয়ে হতে যাওয়া ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার কাজেম শাহ।
নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে প্রতিটি দলকে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হয়। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা একজন ফুটবলার বেশি নিয়ে ভারতে আসায় একজনকে বাদ দেওয়া হবে, তা অনুমিতই ছিল। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হওয়া ক্যাম্প থেকে কাজেম শাহ দলের সঙ্গে ছিলেন, তবে শেষ মুহূর্তে তিনি স্কোয়াড থেকে ছিটকে গেলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও দলের বিভিন্ন সূত্র জানিয়েছে, পারফরম্যান্স নয়, ইনজুরির কারণেই ছিটকে গেছেন কাজেম। কোচ ক্যাবরেরা শুরুতে অন্য একজনকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু কাজেমের হ্যামস্ট্রিং ইনজুরি গুরুতর হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। যদিও আরো দু-একজন ফুটবলারের হালকা চোট রয়েছে, তারা খেলার মতো অবস্থায় আছেন।
কাজেম শাহ সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে। বাংলাদেশে জন্ম হলেও বেড়ে উঠেছেন কানাডায়, যেখানে তিনি পড়াশোনার পাশাপাশি ফুটবলও খেলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে নজর কাড়েন এবং জাতীয় দলে জায়গা করে নেন।
এদিকে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পর্যন্ত বাংলাদেশ দলের একাদশ ঘোষণা করা হয়নি। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার পর টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে, কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ম্যাচের ঘণ্টা দেড়-দুই আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন।

