২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে বাছাইপর্বে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা। আসন্ন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
পাকিস্তানের মাটি বরাবরই ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ মো. সারোয়ার ইমরান জানান, ব্যাটিং-সহায়ক কন্ডিশনের বিষয়টি মাথায় রেখেই পুরো ক্যাম্প পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, “আমরা এ বিষয়ে সচেতন ছিলাম। ক্যাম্পে ব্যাটিং উইকেট মাথায় রেখে স্পেসিফিক কাজ করেছি— ব্যাটিং-বোলিং দুই দিকেই। স্ট্রাইক রেট কীভাবে বাড়ানো যায়, কন্ডিশন অনুযায়ী কেমন শট নির্বাচন করা উচিত—সবদিকেই মনোযোগ দেওয়া হয়েছে।”
একইসঙ্গে দলের ব্যাটিং ইউনিট নিয়ে প্রত্যাশা প্রকাশ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বুধবার (২ এপ্রিল) গণমাধ্যমের সামনে তিনি বলেন, “প্রথম দিকে যদি আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে সেটা টুর্নামেন্ট জুড়ে ভালো প্রভাব ফেলবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আমাদের বোলাররাও সবসময় দারুণ পারফর্ম করে। তাই ব্যাটিং বিভাগে ভালো করতে পারলে আমরা ভালো ফল করতে পারব, এই ব্যাপারে আত্মবিশ্বাসী।”
বাছাইপর্বে বাংলাদেশ দল খেলবে মোট পাঁচটি ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ১০ এপ্রিল মাঠে নামবে টাইগ্রেসরা, প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয় দলের মধ্য থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী দলগুলো থাকলেও আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ নারী দল অতীত অভিজ্ঞতা ও ধারাবাহিক উন্নতির ধারায় এবারও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই পাকিস্তানের মাটিতে লড়াইয়ে নামছে।

