থাইল্যান্ডে অনুষ্ঠিত থাই ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি সময় নিয়েছেন ৫৮.৯০ সেকেন্ড, যা তার ক্যারিয়ারের সেরা টাইমিং। আগের রেকর্ড ছিল ৫৮.৯৫ সেকেন্ড।
ইভেন্টে স্বর্ণ জেতেন থাইল্যান্ডের একজন সাঁতারু, যাঁর টাইমিং ছিল ৫৬.৯৩ সেকেন্ড। রৌপ্য জেতেন হংকংয়ের সাঁতারু, যার টাইমিং ৫৭.৮৪ সেকেন্ড। আজ রোববার থাই ওপেনের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও অংশ নিচ্ছেন সামিউল।
বিশ্ব সাঁতার ফেডারেশনের (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস) বৃত্তি নিয়ে সামিউল বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। থাই ওপেন শেষে এ মাসেই মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি।
এই প্রতিযোগিতা ২৪ থেকে ২৭ এপ্রিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক মালয়েশিয়াসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নেবেন।

গত বছর এই আসরে রৌপ্য জিতেছিলেন সামিউল। এবার তাঁর লক্ষ্য সোনা। থাইল্যান্ড থেকে মুঠোফোনে সামিউল জানিয়েছেন, টাইমিংয়ে উন্নতি করতে পেরে ভালো লাগছে। থাই চ্যাম্পিয়নশিপে আলাদাভাবে কোনো প্রস্তুতি নিইনি। এটা মূলত মালয়েশিয়ার প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে নিয়েছি। তবে নিজের সেরা টাইমিং পার করে আসতে পারায় আত্মবিশ্বাস বেড়েছে।
সামিউলের সামনে এখন আরো বড় মঞ্চ- বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এবারের আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিউল ইসলাম ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
সামিউল অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এবং অ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে। সামিউলের ভাষ্য, জুলাইয়ে সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার। তার আগে মালয়েশিয়ায় সোনা জিততে পারলে প্রস্তুতিটা পরিপূর্ণ হবে।
২১ বছর বয়সী সামিউল বর্তমানে দেশের প্রতিভাবান সাঁতারুদের একজন। ২০২৩ সালের জাতীয় সাঁতারে তিনটি স্বর্ণপদক জেতার পাশাপাশি রেকর্ড গড়েন তিনি। একই বছর ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জেতেন পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক।

