আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট, যা এশিয়া কাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাকে সামনে রেখে রোববার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার পুস্কর ক্ষিসা মিমো। প্রথমবারের মতো জাতীয় দলের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। পাশাপাশি বিকল্প হিসেবে ছয়জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
এবারের দল গঠনে ছিল বেশ কিছু চ্যালেঞ্জ ও আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ কয়েক ধাপের পর্যবেক্ষণ ও অনুশীলন ক্যাম্প শেষে চূড়ান্ত দল গঠন করেন প্রধান কোচ আ ন ম মামুন উর রশিদ। শুরুতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্যাম্প শেষে ৫ মার্চ ঘোষিত হয় ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড, যা পরে কমিয়ে ২৪ জনে আনা হয়। অবশেষে রোববার চূড়ান্ত করা হয় ১৮ সদস্যের মূল দল।
বাংলাদেশ হকি দলের চূড়ান্ত স্কোয়াড-
হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।
এই স্কোয়াড নিয়ে কোচ ও ম্যানেজমেন্ট আশাবাদী, টুর্নামেন্টে ভালো ফল নিয়ে দেশে ফিরবে দল। উল্লেখ্য এএইচএফ কাপ হকি থেকে শীর্ষ দলগুলোই পাবে এশিয়া কাপে খেলার সুযোগ।

