টরেন্টোর বিপক্ষে হোঁচট খেলেও রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তবে দলের পারফরম্যান্সে খুশি নন কোচ হাভিয়ের মাসচেরানো। এমএলএসের ম্যাচে টরেন্টোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। পয়েন্ট হারিয়ে হতাশ দলের কোচ ও খেলোয়াড়রা। তবে সামনে কঠিন লড়াই- কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালকে ঘিরেই এখন মিয়ামির মূল ফোকাস।
ম্যাচ শেষে মাসচেরানো সাফ জানিয়ে দিয়েছেন, “এই ম্যাচটি ভুলে যাও। সামনে আমাদের বাঁচা-মরার লড়াই।” ১০ এপ্রিল লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ফিরতি লেগে খেলবে মিয়ামি। প্রথম লেগে ১-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে হবে মেসিদের। কোচ মাসচেরানো চান, দলের সবাই যেন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে ওই লড়াইয়ের জন্য।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল করলেও দলের ড্র রুখতে পারেননি মেসি। প্রতিপক্ষ টরেন্টো এমএলএস টেবিলের ১৪ নম্বর দল- শেষ ছয় ম্যাচে যাদের কোনো জয় নেই। এমন দলের বিপক্ষে পয়েন্ট হারানোয় হতাশ মিয়ামি কোচ বলেন, “আমরা যে ফল চাইছিলাম, সেটা পাইনি। ম্যাচের শুরুতে ১০-১৫ মিনিট মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। ওরা সেই সুযোগেই এগিয়ে যায়। পরে আমরা চেষ্টা করেছি- পারিনি।”
তবে ব্যক্তিগতভাবে মেসির জন্য দিনটি ছিল স্মরণীয়। মেজর লিগ সকারে মাত্র ২৯ ম্যাচেই গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৪টি অবদান রাখার অনন্য কীর্তি গড়েছেন তিনি। এত কম ম্যাচে ক্লাবের হয়ে এই মাইলফলক স্পর্শ করেননি আর কোনো ফুটবলার। মেসি ছাড়িয়ে গেছেন তার জাতীয় দলের সতীর্থ গঞ্জালো হিগুয়েনকেও। যিনি ৬৭ ম্যাচে এই সংখ্যায় পৌঁছেছিলেন।
মেসিকে ফিট ও চনমনে রাখার দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে মিয়ামি। বিশেষত: কোয়ার্টার ফাইনালের আগেই। কোচের কথায়, “আমাদের সবার চোখ এখন বুধবারের ম্যাচে। সেরা ছন্দে থাকতে চাই আমরা।”

