হৃদরোগজনিত জটিলতা কাটিয়ে ওঠার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৮ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।
গত ২৮ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান তামিম। হৃদস্পন্দনের সমস্যা নিয়ে ভর্তি হওয়ার পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয় তাকে। ওইদিন দুপুরে হাসপাতাল ত্যাগ করেন তিনি। শুরু থেকেই বলা হচ্ছিল- শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এর আগে জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে তামিমের। তবে সে সময় নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ ও পারিবারিক সিদ্ধান্তে গতকাল রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তামিম।
উল্লেখ্য তামিমের সুস্থতা নিয়ে ভক্ত ও ক্রিকেটাঙ্গনে ছিল ব্যাপক উদ্বেগ। দেশের বাইরে উন্নত চিকিৎসা গ্রহণের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার আশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

