আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম।
চোটের কারণে স্কোয়াডে নেই ডানহাতি পেসার তাসকিন আহমেদ। বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বাম অ্যাকিলিস টেনডনের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ফলে এই সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
এদিকে জাতীয় টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্ট): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

