বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারের পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও, ব্রাজিল এই ম্যাচের ক্ষত ভুলতে পারছে না। ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থক ব্রাজিলীয় ফুটবল দল এবং সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এখন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অংশ। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সমর্থকদের দাবির ভিত্তিতে সিবিএফ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। অভিযোগে বলা হচ্ছে, ম্যাচ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থক ব্রাজিলীয় খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী অঙ্গভঙ্গি করেন, এমনকি এক দর্শক বানরের মতো আচরণ করে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে পর্যাপ্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে যা তাদের অভিযোগের পক্ষে সহায়ক হতে পারে। জুন মাসে পরবর্তী ফিফা উইন্ডোর আগেই এই বিষয়ে নিষ্পত্তি চায় ব্রাজিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, আর্জেন্টিনা দলকে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
এটি একদম নতুন ঘটনা নয়, কারণ এর আগে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের কারণে শাস্তি পেয়েছিল, যেখানে ফিফা স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের নির্দেশ দেয়। পুনরাবৃত্তির ক্ষেত্রে, দর্শকসংখ্যা আরও কমিয়ে ৫০ শতাংশে নামিয়ে আনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। একই ধরনের শাস্তি ব্রাজিলও ভোগ করেছে, বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গণ্ডগোলের কারণে।
ফিফার এই শাস্তির আগের প্রেক্ষাপটে, আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ৯ জুন কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচেও নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে।

