সিলেট টেস্টের দ্বিতীয় দিনে লড়াই করেও প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে, ফলে সফরকারীরা পেয়েছে ৮২ রানের লিড। ৮০.২ ওভারে এই সংগ্রহ দাঁড় করায় তারা।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই নাহিদ রানার বাউন্সারে বেন কারেন (১৮) শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর তার দ্বিতীয় শিকার হন ইনফর্ম ব্রায়ান বেনেট, যিনি ৬৪ বলে ১০ চার হাঁকিয়ে করেন ৫৭ রান।
পরের ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে অফস্টাম্প হারান নিক ওয়েলচ (২)। এরপর শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন চতুর্থ উইকেটে ৪১ রানের জুটি গড়লেও আবারও নাহিদের শিকার হন আরভিন (৮)।
পঞ্চম উইকেটে উইলিয়ামস ও ওয়েসলি ম্যাধেভেরে ৪৮ রান যোগ করেন। ম্যাধেভেরে ৩৩ বলে ২৪ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হন। উইলিয়ামস অবশ্য তুলে নেন ফিফটি কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন ১০৮ বলে ৫৯ রান করে।
জিম্বাবুয়ের লোয়ার মিডল অর্ডারে কার্যকর অবদান রাখেন নায়াশা মায়াভো (৩৫), রিচার্ড এনগারাভা (২৮*) এবং ব্লেসিং মুজারাবানি (১৭)। এতে তাদের স্কোর দাঁড়ায় ২৭৩ রানে।
বাংলাদেশের হয়ে সফলতম বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি মাত্র ৫২ বলে ৫ উইকেট তুলে নেন। নাহিদ রানা ৩টি এবং খালেদ আহমেদ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে এখন জিম্বাবুয়ের ৮২ রানের লিড মুছে ফেলে লড়াইয়ে ফেরার চ্যালেঞ্জ।

