দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে নানা জটিলতার মধ্যেই মঙ্গলবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়। তবে এ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু হঠাৎ করেই সাফ জানায়, সদস্য দেশগুলো এবং তাদের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের মতে, হোম অর অ্যাওয়ে ভিত্তিক ফরম্যাট বাস্তবায়নের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই আসরটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। শুধু সাফের ওয়েবসাইট ও গণমাধ্যমে বিষয়টি দেখেছি। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে অংশগ্রহণের।
এদিকে সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কিছুদিন আগেই বলেছিলেন, আগামী ২৪ মে নেপালের কাঠমান্ডুতে সাফের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই সভার আগেই হঠাৎ করে এমন ঘোষণা আসায় বিস্মিত বাফুফে কর্মকর্তারা। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সালাউদ্দিন।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে ওই বছরই সাফ আয়োজন কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সাফ ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের উন্মাদনায় হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজন করা তাদের লক্ষ্য।
হঠাৎ এ ঘোষণায় দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। ফুটবলার থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারাও এখন অপেক্ষায় আছেন—সাফের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার।

