ভারতের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অ্যাথলেট নীরাজ চোপড়া এবার একটি বিতর্কে জড়িয়েছেন। পাকিস্তানের জ্যাভলিন থ্রো তারকা আরশাদ নাদিমকে ‘এনসি ক্লাসিক’ প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নীরাজের এই আমন্ত্রণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অলিম্পিক চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া তার বিবৃতিতে বলেন, “আরশাদ নাদিমকে এনসি ক্লাসিক প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। পরিবারকেও টার্গেট করা হচ্ছে। একজন ক্রীড়াবিদ হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এর বাইরে কিছু নয়।” তিনি আরো বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি বিশ্বের সেরা অ্যাথলেটদের ভারতে আনতে চেয়েছিলেন।
প্রাথমিকভাবে ‘এনসি ক্লাসিক’ প্রতিযোগিতাটি হরিয়ানায় হওয়ার কথা থাকলেও পরে বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হয়। বিশ্বখ্যাত জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণ জানানো হলেও, পরে এই প্রতিযোগিতায় আরশাদ নাদিমের নাম অন্তর্ভুক্ত হয়নি।
নীরাজ চোপড়া তার বিবৃতিতে জানান, “পহেলগামের ঘটনা আমাকে যেমন ব্যথিত করেছে, তেমনি ক্ষুব্ধও। আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় আমি যে ব্যথিত, তা বলতেই হয়। আমি বহু বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছি এবং কখনও দেশের সম্মান নষ্ট করতে রাজি নই।”
এদিকে নীরাজ চোপড়ার এই বিতর্কিত আমন্ত্রণের পর নীরাজ এবং তার পরিবার সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন।

