সিলেট টেস্টে বল হাতে দারুণ পারফর্ম করার পর, চট্টগ্রামে ব্যাটিংয়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন মিরাজ। জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছেন।
চট্টগ্রামে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যর্থতার পর, মিরাজই দলের ব্যাটিংয়ের হাল ধরেন। সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার টেস্টে সেঞ্চুরির খাতায় নাম লেখান। প্রথম সেঞ্চুরিটি তার চট্টগ্রামেই ছিল।
এদিকে, এই সেঞ্চুরির দিনে মিরাজের নাম উঠে এসেছে ক্রিকেট ইতিহাসের এক নতুন মাইলফলকে। তিনি সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেট পূর্ণ করেছেন। তবে মিরাজ সাকিবকে পিছনে ফেলে এই চক্রটি পূর্ণ করেছেন দ্রুততম সময়ে, মাত্র ৫৩ টেস্টে।
বিশ্ব ক্রিকেটে এমন মাইলফলক প্রাপ্তির ক্ষেত্রে মিরাজ ৫ম দ্রুততম। শুধুমাত্র ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিনই কম সময়ে এই কৃতিত্ব অর্জন করেছেন।


