পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার সিরিজের সূচি ঘোষণা করেছে। ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলাগুলো।
এই সিরিজের মাধ্যমে দ্বিতীয়বারের মতো টি-২০ ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে ২০২২ সালে প্রথমবার এই দুই দল একটি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে অংশ নেয়।
সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের অপারেটিং অফিসার শুবহান আহমেদ এই সিরিজ আয়োজন নিয়ে বলেন, “বাংলাদেশ দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা বরাবরই আমাদের দলকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করি। গত কয়েক বছরে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করেছি। এখন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার সিরিজ খেলতে পারা আমাদের জন্য গর্বের।”
আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির আদর্শ সুযোগ হিসেবে দেখছে আমিরাত। একইভাবে বাংলাদেশ দলও পাকিস্তান সফরের আগে নিজেদের প্রস্তুত করতে চায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ঠাসা সূচির মধ্যে এই সিরিজ আমাদের দলের জন্য একটি ভালো প্রস্তুতির সুযোগ। একইসঙ্গে বিসিবি ও ইসিবির সম্পর্ককে আরও জোরদার করবে এবং ভক্তদের উপভোগ্য কিছু মুহূর্ত উপহার দেবে।”
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের এই সফর শেষে বাংলাদেশ ২৫ মে পাকিস্তানে পাঁচ ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে।

