বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের আসা অনিশ্চিত হয়ে পড়েছে। চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন আগস্টে টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দল পাঠাতে চাইছে না ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল রোহিত শর্মাদের। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআই এখন নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনায় রেখে সফর থেকে সরে আসতে চাচ্ছে।
এর প্রভাব পড়তে পারে আরও বড় আসরে। ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা ও পাকিস্তান-ভারত বৈরিতা টুর্নামেন্টের ভেন্যু বদলের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে এসেছে। উল্লেখ্য, এর আগের এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ করে আয়োজন করা হয় সেই আসর। ভারত খেলেছিল শুধু শ্রীলঙ্কা পর্বে।
বাংলাদেশ সফর এবং এশিয়া কাপ আয়োজন- উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। তবে কূটনৈতিক উত্তেজনার প্রভাব যে এশিয়ার ক্রিকেট মাঠেও ছড়িয়ে পড়ছে, সেটি স্পষ্ট।

