আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, বোর্ড পরিচালনায় আসা উচিত শুধুমাত্র সেইসব প্রতিনিধি, যারা ক্রিকেট বোঝেন এবং জেলার ক্রিকেটের উন্নয়নে সক্ষমতা রাখেন।
শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম। এ সময় তিনি জেলার কাউন্সিলর ও বিসিবি নির্বাচনের পদ্ধতি নিয়ে কঠোর ভাষায় নিজের মত জানান।
তামিম বলেন, ‘যারা ক্রিকেট বোঝেন, যাদের স্বপ্ন আছে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার, তাদেরকেই জেলা বা বিভাগ থেকে নির্বাচিত করা হোক। অনেক সময় দেখা যায়, কেউ বোর্ডের পরিচালক হয়ে নিজের অঞ্চলকে ভুলে যান। এটা চলতে পারে না।’
নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তামিম জানান, বরিশালসহ বিভিন্ন জেলায় ঘুরে তিনি দেখেছেন কীভাবে অব্যবস্থাপনা ও মানহীন লিগ কাঠামো ক্রিকেটের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর ভাষায়, ‘অনেক জেলায় মানসম্পন্ন লিগই হয় না। অথচ আমরা ক্রিকেটকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে দাবি করি।’
জেলা বা বিভাগীয় পর্যায়ে উন্নয়ন না ঘটাতে পারলে বিসিবির নেতৃত্বে তাদের স্থান হওয়া উচিত নয় বলে মনে করেন তামিম। ‘যদি কেউ নিজের জেলার ক্রিকেটেও উন্নয়ন না করতে পারে, তাহলে তার বোর্ডে আসা উচিত নয়,’- জানিয়ে দেন তিনি।
তামিমের এই বক্তব্য বিসিবি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে আলোচিত বিভিন্ন ইস্যুকে আরও জোরালো করেছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

