বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই ব্যাটারকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে তিনি আপৎকালীন ভিত্তিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
রবিবার (৪ মে) বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিটনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।
সহ–অধিনায়ক মেহেদী, সুযোগ পাচ্ছেন আরও তরুণরা-
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দলের সহ–অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্পিনার মেহেদী হাসান। তবে এই দায়িত্ব আপাতত শুধুমাত্র ওই দুই সিরিজের জন্যই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন বিসিবি কর্তৃপক্ষ। পরবর্তীতে আরও কয়েকজন ক্রিকেটারকে সহ-অধিনায়কের ভূমিকায় পরখ করে নেওয়া হবে এবং সেখান থেকেই চূড়ান্ত একজনকে বেছে নেওয়া হবে।
টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা-
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এবং নতুন মুখের মিশেলে গঠিত একটি ব্যালান্সড ইউনিট। স্কোয়াডে রয়েছেন:
🔹 লিটন দাস (অধিনায়ক)
🔹 মেহেদী হাসান (সহ-অধিনায়ক)
🔹 তানজিদ হাসান
🔹 পারভেজ হোসেন
🔹 সৌম্য সরকার
🔹 নাজমুল হোসেন শান্ত
🔹 তাওহিদ হৃদয়
🔹 শামীম হোসেন
🔹 জাকের আলী
🔹 রিশাদ হোসেন
🔹 তানভীর ইসলাম
🔹 মোস্তাফিজুর রহমান
🔹 হাসান মাহমুদ
🔹 তানজিম হাসান সাকিব
🔹 নাহিদ রানা
🔹 শরীফুল ইসলাম
নতুন অধিনায়কত্বে দল কেমন পারফর্ম করে এবং তরুণদের নিয়ে বিসিবির পরীক্ষার ফলাফল কী হয়- তা এখন সময়ই বলে দেবে।

