বিশ্ব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে আনার জন্য কোনো কার্পণ্য করেনি ব্রাজিল। দীর্ঘ দুই বছরের চেষ্টা শেষে অবশেষে ২০২৫ সালের ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। তাকে পেতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) দিতে যাচ্ছে বছরের ১০ মিলিয়ন ইউরো, সঙ্গে রয়েছে বিশ্বকাপে সাফল্যের ওপর নির্ভর করা বাড়তি বোনাস।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিতলে আনচেলত্তি পাবেন ৫ মিলিয়ন ইউরোর অতিরিক্ত বোনাস। এমনকি দলকে সেমিফাইনালেও তুলতে পারলে তার বেতন আরো বাড়বে।
জাতীয় দলের কোচদের সাধারণত বেশি বেতন দেওয়া হয় না। কিন্তু আনচেলত্তির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। তুলনা করলে দেখা যায়, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির বার্ষিক আয় মাত্র ২.৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ আনচেলত্তির আয় স্কালোনির চার গুণ।
বেতন-বোনাসের বাইরেও আনচেলত্তির জন্য থাকছে রাজকীয় সুবিধা। রিও ডি জেনিরোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিদেশ সফরের জন্য প্রাইভেট জেট, আন্তর্জাতিক স্বাস্থ্যবিমা ও জীবনবিমা- সব কিছুই দেবে সিবিএফ।
আগামী ২৬ মে ব্রাজিলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিল দলের কোচ হিসেবে জনসমক্ষে আসবেন। এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করবেন।

