ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার কারণে এক সপ্তাহ আগে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও মাঠে গড়াচ্ছে। দুই দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ শনিবার (১৭ মে) থেকে পুনরায় শুরু হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, স্থগিত হওয়া আইপিএলের বাকি ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে- বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই ও আহমেদাবাদ।
প্লে-অফ ও ফাইনালের দিন-তারিখ ইতোমধ্যে চূড়ান্ত করেছে বোর্ড। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ জুন আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে প্লে-অফের নির্দিষ্ট ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
আইপিএলের নতুন পর্বে আগের মতো বিদেশি তারকাদের উপস্থিতি থাকছে না। অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডসহ অনেক বিদেশি ক্রিকেটার পুনরায় ভারতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পুনরায় শুরু হওয়া পিএসএলের ম্যাচগুলো শুরু হবে ১৭ মে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।
তবে পিএসএলের নতুন সূচি বা ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। এর আগে লিগটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনার কথা জানালেও ৮টি ম্যাচ বাকি থাকতেই ৯ মে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।
একই দিন আইপিএলও এক সপ্তাহের জন্য স্থগিত করেছিল বিসিসিআই।
আবারও মাঠে গড়াতে যাওয়া আইপিএল ও পিএসএল ঘিরে দর্শকদের আগ্রহ থাকলেও বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি ও নিরাপত্তা উদ্বেগ এ দুই লিগের আকর্ষণে কিছুটা ভাটা ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

