ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
চীনে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, আমি আনচেলত্তির বিপক্ষে কিছু বলছি না। তিনি নিঃসন্দেহে বিশ্বমানের কোচ। কিন্তু আমি মনে করি, আমাদের দেশেই এমন অনেক প্রতিভাবান কোচ রয়েছেন, যারা জাতীয় দল পরিচালনায় যথেষ্ট যোগ্য। বিদেশি কোচ আনার প্রয়োজন ছিল না।
ব্রাজিলের ইতিহাসে স্থানীয় কোচদের আধিপত্যই বেশি। ১৯৬৫ সালের পর এই প্রথম কোনো বিদেশি কোচের নেতৃত্বে মাঠে নামবে ব্রাজিল। এর আগে আনচেলত্তি কখনো নিজ দেশ ইতালির জাতীয় দলের কোচের দায়িত্বও নেননি।
এই প্রথম নয়, ২০২৩ সালেও আনচেলত্তির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন লুলা। তখন তিনি বলেছিলেন, যিনি নিজ দেশের দলকেই সামলাতে পারেন না, তিনি ব্রাজিলের মতো বড় দলের দায়িত্ব নেবেন কেন? ইতালি তো ২০২২ বিশ্বকাপেও খেলতে পারেনি।
তবে সমালোচনার মাঝেও আনচেলত্তির প্রতি এক ধরনের আস্থা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তাকে ‘দারুণ টেকনিশিয়ান’ হিসেবে আখ্যায়িত করে লুলা জানিয়েছেন, আনচেলত্তি বিশ্বকাপ বাছাইপর্ব পার করে ব্রাজিলকে মূল পর্বে নিতে পারবেন বলেই তিনি আশাবাদী। এমনকি সম্ভাব্য শিরোপা জয়ের পথেও তার বড় ভূমিকা থাকবে বলে মন্তব্য করেন তিনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে ও ইকুয়েডর। অঞ্চলটির শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

