রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্লাবটি। আগামী তিন মৌসুমের জন্য লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। ১ জুন থেকে দায়িত্ব নিচ্ছেন তিনি এবং ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার কোচিং অধ্যায়।
রিয়াল মাদ্রিদের বিদায়ী কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় শূন্য হওয়া পদে আসছেন আলোনসো। রিয়ালের বিবৃতিতে বলা হয়, জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। এবার তিনি ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে ক্লাবে ফিরছেন। বায়ার লেভারকুসেনের হয়ে ইতিহাস গড়ে তিনি লিগ, লিগ কাপ ও জার্মান সুপার কাপ জিতেছেন।
জাবি আলোনসো এর আগে খেলোয়াড় হিসেবে রিয়াল সোসিয়েদাদ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলেছেন। ক্যারিয়ারে তিনি হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফায়েল বেনিতেজের অধীনে খেলেছেন। তাঁর বাবা পেরিকো আলোনসোও ছিলেন স্পেনের জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ।
রিয়ালের জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পাঁচ মৌসুম খেলেছেন আলোনসো। এ সময়ে তিনি লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপ জিতেছেন। জাতীয় দলের হয়েও তিনি ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করেন।
রিয়াল মাদ্রিদের নতুন কোচকে আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। শিরোপাশূন্য এক মৌসুম পেরিয়ে যাওয়া ক্লাবকে সফলতার পথে ফেরাতে এবার ডাগআউটে আলোনসোর কাঁধে রয়েছে বড় দায়িত্ব।

